কম্পিউটার বাজারেও ছাড় অব্যাহত
নতুন বাজেটের ফলে দাম বাড়বে না কম্পিউটার ও কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রাংশের। কেননা এসব সামগ্রীর কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় ও মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি সুবিধা বহাল রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করে আদেশটি ১১ জুন থেকে কার্যকর করার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর ওপর আরোপিত আমদানি শুল্ক যে পরিমাণে মূল্যভিত্তিক ৫ শতাংশের অতিরিক্ত হয়, সেই পরিমাণ এবং সমুদয় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক যদি থাকে তা হলে সংশ্লিষ্ট আমদানিকারককে ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এর অধীনে কমপ্লায়েন্ট আমদানিকারক হিসেবে মূসক নিবন্ধিত এবং নিয়মিত দাখিলপত্র (রিটার্ন) দাখিলকারী হতে হবে।
এছাড়াও প্রজ্ঞাপনের আওতায় পণ্য আমদানি ও খালাসের লক্ষ্যে প্রতিষ্ঠানটির হালনাগাদ নবায়নকৃত শিল্প ভোক্তা আইআরসি এবং ১৩ ডিজিট মূসক নিবন্ধিত হতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বিবেচ্য বিল অব এন্ট্রি দাখিলে অব্যবহিত পূর্ববর্তী ১২ মাসের অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক দাখিলপত্র রিটার্ন দাখিল করতে হবে।
জারিকৃত এসআরও-কে স্বাগত জানিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনীর বলেন, এই মহামারি সময়েও আমাদেরকে একটি সুন্দর বাজেট উপহার দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি পণ্যগুলো দেশেই তৈরি করতে মাননীয় প্রধানমন্ত্রী বহু আগে থেকেই আমাদের উৎসাহ দিচ্ছিলেন এবং মেডইন বাংলাদেশের ওপর জোর দিয়েছিলেন। সে অনুযায়ী, বাংলাদেশ কম্পিউটার সমিতি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আজেকর বাজেট তারই প্রতিফলন। এখানে কম্পিউটার সামগ্রীর এবং অনেকগুলো আইটেমের উপরেই ভ্যাট ও কর কমানো হয়েছে, যা ইতিবাচক দিক। আমরা আশা প্রকাশ করি, এর সুফল বাংলাদেশ ভোগ করবে।